সুযোগের অপেক্ষায় পেসার খালেদ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:০৩ পূর্বাহ্ণ

গত সেপ্টেম্বরে জাতীয় দলের ডাকে হাসান মাহমুদ ফিরে এসেছিলেন। তখন কেন্টের পেস বিভাগের বড় দায়িত্ব পড়ে সৈয়দ খালেদ আহমেদের কাঁধে। প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়ে দারুণভাবে তা পালন করেন অভিজ্ঞ পেসার। এবার জাতীয় দলে হাসানকে বিশ্রাম দেওয়ায় খালেদের সামনে সম্ভাবনার দুয়ার। যদিও এখনও নিশ্চিত নয়। তবে একাদশে সুযোগ পেলে নিজেকে মেলে ধরার ব্যাপারে আত্মবিশ্বাসী ৩৪ বছর বয়সী পেসার। ২০২২ সালে বাংলাদেশের সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দলের সেরা পেসার ছিলেন খালেদ। চার ইনিংসে ৩২.৮৭ গড়ে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি দারুণ বোলিং করে স্বাগতিকদের অস্বস্তিতে ফেলেছিলেন তিনি। তবে এবার প্রথম টেস্টে তাকে বাইরে রেখেই তিন পেসারের একাদশ সাজায় বাংলাদেশ। জোহানেসবার্গে ম্যাচজুড়ে অনুভূত হয় চতুর্থ পেসারের অভাব। সেই জায়গায় হয়তো থাকতে পারতেন খালেদ। তবে প্রথম ম্যাচে না থাকলেও, হাসানের অনুপস্থিতিতে সেঞ্চুরিয়ন টেস্টে সুযোগ মিলতে পারে তার। ম্যাচের আগে শনিবার দলের অনুশীলনে লম্বা সময় ঘাম ঝরাতেও দেখা যায় খালেদকে। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজ্ঞ পেসার বললেন, সুযোগ পেলে শতভাগ দিতে প্রস্তুত তিনি। ‘খেলব কি না টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের সিদ্ধান্ত। ব্যক্তিগতভাবে আমি সবসময় প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। আমি আমার কাজ করে যাচ্ছি। ব্যাটিং–বোলিং দুইটা নিয়েই কাজ করার চেষ্টা করছি। আমার সুযোগ এলে অবশ্যই শতভাগ দিয়ে চেষ্টা করব সেরাটা দেয়ার।’ গত জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের পর আর এই সংস্করণে মাঠে নামা হয়নি খালেদের। অস্ট্রেলিয়া সফরের পর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট কিংবা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ– সব ম্যাচ বাইরে বসেই দেখেন তিনি। মাঝে অবশ্য কেন্টের হয়ে তিন ম্যাচের জন্য কাউন্টি খেলতে যান খালেদ। যেখানে ৬ ইনিংসে একবার পাঁচটি তার শিকার ১৬ উইকেট। তিন ইনিংসে তিনি নেন তিনটি করে উইকেট। কেন্টকে ডিভিশন টু থেকে ডিভিশন ওয়ানে তুলতে তার অবদান ছিল অনেক। তবু জাতীয় দলের হয়ে টেস্ট খেলার সুযোগ মেলেনি। বাইরে বসে থাকার সময়ের অভিজ্ঞতা জানালেন খালেদ। ‘অবশ্যই বাইরে বসে থাকাটা কষ্টকর। তবে এটা দলের সমন্বয় ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি আমার চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে সুযোগ এলে কাজে লাগানোর চেষ্টা করব।’ কাউন্টি খেলে আসার পর ইংল্যান্ডের পেস সহায়ক কন্ডিশনের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় অনেক মিল খুঁজে পাচ্ছেন অভিজ্ঞ এই পেসার। তাই কাউন্টির অভিজ্ঞতা থেকে সেঞ্চুরিয়নেও ভালো করতে আশাবাদী তিনি। ‘কাউন্টি ক্রিকেট যেমন, এখানে একই ধরনের কন্ডিশন। এখানে শুধু বলটা ভিন্ন। তবে কন্ডিশন ও উইকেট একইরকম ছিল। আমার মনে হয়, আমি যেহেতু কাউন্টি খেলে এসেছি, আমার রিদমটা ভালো আছে। যদি সুযোগ পাই, আমি ভালো করার চেষ্টা করব।’ ২০২২ সালের দক্ষিণ আফ্রিকা সফরে ডারবান টেস্টে চমৎকার বোলিং করে ৯২ রানে চার উইকেট নেন খালেদ। পরে গেবেখায় প্রথম ইনিংসে নেন ৩টি উইকেট। চার বছর আগের সেই সুখস্মৃতি রোমন্থন করে অভিজ্ঞ পেসার বললেন, দক্ষিণ আফ্রিকায় ভালো করতে লেংথ ভালোভাবে ধরতে পারা জরুরি। ‘পেসারদের সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইন–লেংথ বজায় রেখে বোলিং করা। আমার মনে হয়, এখানে লেংথটা খুব জরুরি। বেশি কিছুর চেষ্টা না করে যদি আমরা লম্বা সময় লেংথ ধরে রাখতে পারি, তাহলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। জোহানেসবার্গে হাসান এই কাজটা করেছে। যদি লেংথটা ধরে রেখে লম্বা সময় বল করতে পারি, উইকেট আসবেই।’ পেসাররা লাইন–লেংথ ঠিক রেখে বোলিং করে সফল হলেই বাড়বে বাংলাদেশ দলের ভালো করার আশা। আর জোহানেসবার্গে প্রথম টেস্টে বড় হারের পর সিরিজ হার এড়াতে সেঞ্চুরিয়নে জয়ের বিকল্প নেই। খালেদ জানান, ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম টেস্টের ইতিবাচক দিকগুলো ধরে রেখে সামনের ম্যাচে মাঠে নামার বার্তা দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ‘আমাদের প্রতি কোচ–অধিনায়কের বার্তা ছিল, যেটা চলে গেছে এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা কীভাবে সামনে যাব, ভালো খেলব…যদিও প্রথম টেস্টে আমরা তিন দিন খুব ভালো ক্রিকেট খেলেছি। হয়তো কিছু ভুলের কারণে আমরা ম্যাচটা জিততে পারিনি। তো ওরা এটাই বার্তা দিয়েছে, ইতিবাচক যা আছে সেগুলো নিয়ে সামনে এগোনোর জন্য।’ বাংলাদেশের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার উইকেট–কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ পাচ্ছেন দলের দুই দক্ষিণ আফ্রিকান–সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা ও ব্যাটিং বিশেষজ্ঞ ডেল বেঙ্কেন্সটেইনের কাছ থেকে।

সব মিলিয়ে প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া দল, বললেন খালেদ। ‘সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ অনুশীলনও ভালো করছে। যেটা চলে গেছে ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা কীভাবে সামনে যাব, তা চিন্তা করছে সবাই। কোচের সঙ্গেও কথা হচ্ছে, এই কন্ডিশনে আমরা কীভাবে খেলব। আমাদের দুজন দক্ষিণ আফ্রিকান কোচ আছে। ওদের সঙ্গেও আমরা আলোচনা করছি, কীভাবে আমরা খেলব।’

পূর্ববর্তী নিবন্ধ১০ জনের মধ্যে ৭ জনের দায় স্বীকার
পরবর্তী নিবন্ধকেমন আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা