বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরে ফিক্সিংয়ের অভিযোগে এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের মধ্যে সাতজন অভিযোগ স্বীকার করেছেন। এখন অপেক্ষা চূড়ান্ত শাস্তির। সন্দেহজনক নানা কর্মকাণ্ডের পর গত বছরের ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে গঠিত কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে ৯ ক্রিকেটারকে বাইরে রাখে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি।
তারা হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন। তবে বোর্ডে আবার পরিবর্তন আসার পর নতুন পরিচালনা পর্ষদ ৯০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনকে খুব বেশি গুরুত্ব দেয়নি। যদিও অভিযুক্ত ৯ ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি রাখা হবে বলে জানিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান। এরপর বিপিএলের দ্বাদশ আসরেও সামনে আসে ফিক্সিংয়ের একাধিক অভিযোগ। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। অভিযুক্ত সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তাদের মধ্যে সাতজন অভিযোগ স্বীকার করেছেন। দোষ স্বীকার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ–মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ কর্মকর্তা জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন তিনজন।
তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। তাদের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে।
তবে তদন্তের এখানেই শেষ নয়। আরও কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট। নিয়ম অনুযায়ী, ইন্টেগ্রিটি ইউনিট যে কারও বিরুদ্ধে তদন্ত করতে পারে। তবে অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ এবং শাস্তি দেওয়ার চূড়ান্ত এখতিয়ার বিসিবির।











