চট্টগ্রাম জেলা প্রশাসন ও মহানগর দুর্নীতি দমন কমিশনের আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ একসময় দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীতে সকলের যৌথ প্রচেষ্টায় আমরা এ অবস্থান থেকে সরে এসেছি। অর্থাৎ আমাদের স্ট্যাটাস অবশ্যই ভাল হয়েছে।
তিনি বিআরটিএ নিয়ে বলেন, সেখানে যে লাইসেন্স সিস্টেম রয়েছে সেটা যেন প্রপারভাবে হয় ও পরীক্ষার সিস্টেমটি যাতে সঠিকভাবে মূ্ল্যায়ন করা হয়। আগে যে সমস্যাটি ছিলো লাইসেন্স বা পরীক্ষার বিষয়টি নিয়ে সেটি এখন অনেকাংশে কমে এসেছে। তিনি দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করে বলেছেন, যে সকল কর্মচারী বা কর্মকর্তা সরাসরি টাকা পয়সাসহ হাতেনাতে ধৃত হয়েছে এরকম লোকদের যতদ্রুত সম্ভব চার্জশীট দাখিল করে বিচারের ব্যবস্থাটা খুব দ্রুত করতে হবে। খবর বাসসের। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, আগে নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে তারপর অন্যকে দুর্নীতিমুক্ত হওয়ার জন্য উপদেশ দিতে হবে। যদি দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়া একটি দৌড় প্রতিযোগিতা হয় তাহলে সেখানে কিন্তু সবাইকে অংশগ্রহণ করতে হবে। সেখানে আমি যদি একা দৌড়াই বা আপনি একা দৌড়ান তাহলে সেটা কোন প্রতিযোগিতা হবেনা। অতএব আমরা এ দুর্নীতিমুক্ত প্রক্রিয়াকে একটি প্রতিযোগিতা হিসেবে নিয়ে সেখানে সবাই অংশ গ্রহন করে দেশকে দুর্নীতিমুক্ত করি।
দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস এম শফি উল্লাহ, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী।













