কর্ণফুলীতে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা দরকার

সংসদে সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম কর্ণফুলী উপজেলায় একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এই দাবি জানান।

সংসদে দেওয়া তার বক্তব্যে এমপি নিজাম বলেন, আমার নির্বাচনী এলাকার কর্ণফুলী উপজেলায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ অতি জরুরি। প্রয়াত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি জায়গাও অনুমোদন করে ছিলেন। কিন্তু স্বৈরাচারী শাসনামলে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড এখানে বাস্তবায়ন হয়নি। এই হাসপাতালটি বাস্তবায়নের জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী বরাবর চিঠি দিয়েছি। তিনি আরো বলেন, কর্ণফুলী একটি শিল্পসমৃদ্ধ এলাকা। অতি জরুরিভাবে এখানে একটি হাসপাতাল দরকার। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে রোগীদের পা ফেলার জায়গা নেই। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ এই কর্ণফুলী উপজেলা দিয়েই রোগীদের শহরে নিয়ে যান। তাই কর্ণফুলীতে একটি হাসপাতাল নির্মাণ হলে রোগীদের সবদিক থেকে দুর্ভোগ কমবে।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী অদিতি সঙ্গীত নিকেতনের বৈশাখী উৎসবের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে রাখাইনদের জলকেলি উৎসব শুরু