নগরীর চাক্তাইয়ে লাইসেন্সবিহীন অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত ও বিপণনের দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে আটটি গুদাম থেকে ১৯০০ বস্তা টিএসপি, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে চাক্তাইয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সারগুলো অধিক দামে সমুদ্রপথে মিয়ানমারসহ বিভিন্ন স্থানে পাচার করার জন্য মজুত করা হয়েছে বলে জানা গেছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম।
অভিযানে লাইসেন্সবিহীন সার সংরক্ষণ ও বিপণনের অপরাধে ফারাহ এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির ছয়টি গুদাম থেকে ১ হাজার বস্তা টিএসপি সার ও ৫০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
একই অভিযানে লাইসেন্সবিহীন সার সংরক্ষণ ও বিপণনের অপরাধে শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির দুটি গুদাম থেকে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম আজাদীকে বলেন, চাক্তাইয়ের অভিযানে লাইসেন্সবিহীন দুটি প্রতিষ্ঠানের গুদামে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে। অভিযানে দুই প্রতিষ্ঠানের ২ জন আসামির মধ্যে একজনকে ৬ মাসের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরেকজনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার ও অন্যান্য মালামাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এবং বাকলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।











