দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবি

রাঙামাটিতে নাগরিক সমাজের মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণের সামনে রাঙামাটি জেলা নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে রাঙামাটি জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য আইনজীবী সুম্মিতা চাকমা বলেন, দীপেন দেওয়ানের প্রতি আস্থা রেখে পার্বত্য অঞ্চলের জনগনের জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। শিক্ষাবিদ শিশির চাকমা বলেন, পার্বত্য অঞ্চলকে নিয়ে এখনো নানা তালবাহানা চলছে। পার্বত্য অঞ্চলের বড় অংশকে পিছিয়ে রেখে সারা বাংলাদেশে উন্নয়ন কখনো হবে না।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্ছিতা চাকমা বলেন, দীপেন দেওয়ান এই মাটির সন্তান। আমরা তাকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছি। পার্বত্য অঞ্চলে শান্তির সুবাতাস বয়ে আনতে হলে দীপেন দেওয়ানের বিকল্প নেই।

শিক্ষক এসএম মঈনুদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুজিত দেওয়ান, শিক্ষিকা গৈরিকা চাকমা, মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) সভাপতি মংসুইপ্রু মারমা, সৈকত রঞ্জন চৌধুরী, লুমা লুসাই, মোহাম্মদ সাবের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনীলস বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি চ্যাপ্টারের আইন বিষয়ক রচনা প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে বি ডি এস কোর্সের ওরিয়েন্টেশন