খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাংগালীচান করুনা কারবারি পাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দীঘিনালা সেনা জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের রুটে ভোররাতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর একটি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করলে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাসদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘর ও গাছের ওপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়। এগুলো সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করছে সেনাবাহিনী।
অভিযানে ঘটনাস্থল থেকে চারটি দেশে তৈরী গাদা রাইফেল, একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গান পাউডার, ৭০ পিস ফ্লিম্যাট–৪০০ ওষুধ এবং একটি টি–শার্ট উদ্ধার করা হয়।
দীঘিনালা সেনা জোন জানিয়েছে, পার্বত্য এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।











