লোহাগাড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ৯:৪৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় জান্নাতুল ফেরদৌস (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদারচর দর্জিপাড়ার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতুল ফেরদৌস একই এলাকার রফিক মিয়ার কন্যা। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে পুটিবিলা ইউনিয়নের প্রবাসী নাজিম উদ্দিনের সাথে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। তবে অনুষ্ঠানিকভাবে তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়নি। কিছুদিন আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। ঘটনার দিন ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টার যে কোনো সময়ের মধ্যে পরিবারের সকলের অগোচরে নিজ শয়নকক্ষে ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

লোহাগাড়া থানার এসআই মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধযে বাড়িতে উৎসব হওয়ার কথা ছিল,সেখানে এখন লাশের অপেক্ষা
পরবর্তী নিবন্ধদীঘিনালায় বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার