জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জায়গায় দলীয় ডিসি নিয়োগের অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি ওঠার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলছেন, রাজনৈতিক দলের অভিযোগে নয়, নির্বাচন কমিশন চাইলে মাঠ প্রশাসনে রদবদলের বিষয়টি বিবেচনা করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানতে চান, নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন নিয়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে রদবদলের চিন্তা রয়েছে কি না?
জবাবে তিনি বলেন, আমরা রদবদলের কথা তো বলছি না। তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন। তখন আমরা সেটা বিবেচনা করব, সেইভাবে ব্যবস্থা নেব। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বা অভিমতের এখন অনেক বেশি মূল্য। সেটাই আমরা অনার করার চেষ্টা করব। তো তারা কনভিন্সড হোক আগে। খবর বিডিনিউজের।
বুধবার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে তাদের নেতারা প্রার্থিতা বাছাইয়ে বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন। তাদের অভিযোগ, বিভিন্ন জায়গায় দলীয় পরিচয়ে ডিসি নিয়োগ করা হয়েছে। এ ধরনের ডিসি বা এসপি যারা আছেন, তাদের অপসারণের দাবি নির্বাচন কমিশন–ইসিতে জানিয়েছেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।












