তুলসীধামে কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের প্রস্তুতি

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে ঐতিহ্যবাহী তুলসীধামের জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ জুলাই বিকাল ৩টায় নন্দনকানন রথের পুকুর পাড় থেকে কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন পরবর্তী পরিক্রমায় যোগ দেবে নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথসহ বিভিন্ন মঠমন্দিরের রথ। শতাব্দীপ্রচীন এই ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে গতকাল শনিবার সকাল ১১টায় নন্দনকানন তুলসীধামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরী পুরী মহারাজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, সাধারণ সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক সুজিত হাজারী প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও রথের পুকুর পাড় থেকে নগরের বেশকিছু রথ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রথপরিক্রমা হবে। এর মধ্যে আছেশ্রীকৃষ্ণায়ন এর রথ, মনোহরখালী জগন্নাথদেবের মন্দিরের রথ, মাইজপাড়ার জগন্নাথদেবের রথ, শাহাজীপাড়ার জগন্নাথদেবের রথ, ফিরিঙ্গীবাজার টেকপাড়ার রথ, এনায়েতবাজার কদারনাথ তেওয়ারী কলোনির জগন্নাথদেবের রথ, টাইগারপাস জগন্নাথ সংঘের রথ, গঙ্গাবাড়ী শ্রীশ্রী জগন্নাথদেবের রথ, পূর্ব মাদারবাড়ীর জগন্নাথদেবের রথ, সদরঘাট জেলে পাড়ার রথ। বক্তব্যে আরও বলা হয়, এবারের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১১ মাসের ঘর ভাড়া পরিশোধ না করে উল্টো হুমকি
পরবর্তী নিবন্ধবড়লিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ