‘ভাবি, আমি আর বাঁচতাম না, আমাকে এখান থেকে নিয়ে যান।’ হাসপাতালের বিছানায় শুয়ে বড় ভাইয়ের স্ত্রীকে এ কথা বলেছিলেন রাশেদা বেগম (২১)। সেই রাশেদা আর নেই।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. লিটন কুমার পালিত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজাদীকে বলেন, রাশেদার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে রাশেদা, তাঁর স্বামী মো. আরিফ ও তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম দগ্ধ হন। আরিফ নিবিড় পর্যবেক্ষণে আছেন, আরিফা বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
আরিফ দুই মাস আগে ওই বাড়ির একটি তলা ভাড়া নিয়েছিলেন। ঘটনার রাতে বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন দ্রুত গিয়ে তিনজনকে উদ্ধার করেন। প্রথম দিকে জানা গিয়েছিল, তিনজনের শরীরের ৩০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, আগুনের ঝলকের সঙ্গে বাড়ির জানালার কাচের টুকরো বাইরে এসে পড়ছে।
বাড়িটিতে কোনো গ্যাস সংযোগ ছিল না বলে জানা গেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও তিনি জানান।
রাশেদার মৃত্যুর খবর পেয়ে যোগাযোগ কিরলে তার বড় ভাই আবু তৈয়ব আজাদীকে বলেন, “আমার বইন মইরা গ্যাছে। এখন বাড়ি নিয়ে যাওয়ার জন্য দৌড়াইতেছি।”











