দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২৪৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের হিসাবে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরের এই ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগটিতে দেশে কারো মৃত্যু হয়নি। অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ডেঙ্গুতে সবশেষ তিনজনের মৃত্যু হয় গত ৩ আগস্ট। সেই হিসাবে, প্রাণঘাতী এ রোগে গেল চার দিনে কারো মৃত্যু হয়নি। সরকারের হিসাবে, ডেঙ্গুতে চলতি বছর ৫৯ জনের মৃত্যু হয়েছে। অগাস্টে মৃত্যু হয়েছে ৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে যে ২৪৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হয়েছে, তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৭৩ জন। ২৭ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয় ৩৯ জন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৬৭ জন, খুলনায় ২৩ জন, ময়মনসিংহে ১৭ জন ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ৩ জন ভর্তি হয়েছেন। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৮ হাজার ১২৯ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৭৮৯ জন। ২৪৯ জন ছেড়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়।












