নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি

প্রধানমন্ত্রীর মাতারবাড়ি সফর

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:০১ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল প্রথমবারের মতো মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে প্রকল্প এলাকা মাতারবাড়িতে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল শুক্রবার বিদ্যুৎকেন্দ্র ভেন্যুর প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা, ভেন্যুর অবস্থান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর সম্পূর্ণ নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বরত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সফর ব্যবস্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাজুড়ে কঠোর নজরদারিসহ বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগাশীকাল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সরজমিনে পরিদর্শন করবেন।

মহেশখালীকুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, সরকারি সফরের অংশ হিসেবে মহেশখালীতে প্রথমবারের মতো আসছেন প্রধানমন্ত্রী। তিনি শুধুমাত্র উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসছেন বিধায় এখানে দলের পক্ষ থেকে রাজনৈতিক কোনো জনসভার আয়োজন করা হচ্ছে না। তবে প্রধানমন্ত্রীর এই সফর কয়লা বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর সহ অন্যান্য মেগা প্রকল্প এবং মাতারবাড়ির উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব প্রকল্পের অগ্রগতি তিনি সরেজমিনে পরিদর্শন ও পর্যালোচনা করবেন।

মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসন, মহেশখালী থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি সফর নির্বিঘ্ন ও সফল করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ২৪৯ জন
পরবর্তী নিবন্ধনজরদারির বাইরে প্রাইভেট হেফজখানা, বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু