জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় আরো সমন্বিত পদক্ষেপ নেয়া হবে

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আবু সুফিয়ান এমপি

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে হাসপাতালের চিকিৎসাসেবা আরও বেগবান করতে সমন্বিতভাবে পদক্ষেপ নেয়া হবে। এ হাসপাতালকে রোগীবান্ধব করতে হলে চিকিৎসককর্মকর্তানার্স ও কর্মচারীদেরকে আরও আন্তরিক হতে হবে। হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগে রোগীরা যাতে তাদের কাঙ্খিত চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুনভাবে গঠিত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা এটি। সভায় হাসপাতালের জন্য জনবল নিয়োগ, নতুন ভবন নির্মাণে পরিকল্পনা গ্রহণ, পুরাতন জরাজীর্ণ ভবন মেরামত, এনআইসিইউ স্থাপন, প্রসূতি সেবা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান, পরিষ্কারপরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপক ও দুর্যোগ মোকাবেলায় জরুরী পদক্ষেপ গ্রহণ, নিরাময় ও প্রতিষেধক ব্যবস্থা, হতদরিদ্র মহিলা, শিশু, বৃদ্ধ ও সুবিধাবঞ্চিতদের সেবা সুনিশ্চিতকরণ, মানবসম্পদ উন্নয়ন, ওষুধ, যন্ত্রপাতি, আসবাবপত্র ও স্থাপনার সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বারোপ করেন এমপি মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সহসভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, জেনারেল হাসপাতালের কার্যক্রম ভবিষ্যতে আরও দৃশ্যমান করে রোগী সাধারণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে উদ্যোগ নেয়া হবে। এ হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করতে সরকারের সহযোগিতা কামনা করা হবে। পাশাপাশি হাসপাতালের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাবো। সভায় কমিটির নবনির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালের কর্মপরিবেশ কিভাবে আরও বেশি রোগীবান্ধব করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. একরাম হোসেন। বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, প্রফেসর ডা. সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান, মো. আনামুল হক ইকবাল, ডা.হোসনা আরা বেগম ও নার্সিং সুপারভাইজার মঞ্জু রানী দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিজানুর রহমান শামীমের ছড়ায় শৈল্পিক চিত্র ও কিছু আলাপ
পরবর্তী নিবন্ধবিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে