চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি জশনে জুলুসের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সিএমপি কমিশনার নিরাপত্তা দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
ব্রিফিং প্যারেডে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ–পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ–পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন এবং উপ–পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুসসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জশনে জুলুসকে ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, জুলুসের রুট ও আশপাশের এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে।











