ফটিকছড়িতে চাঁদাবাজি করতে চাইলে আমার লাশের ওপর করতে হবে

শ্রমিক সমাবেশে এমপি সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম২ ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীর বলেছেন, দলের নাম ভাঙিয়ে অপকর্ম করার সুযোগ নেই। যদি কেউ পুকুরের মাছ চুরি, সরকারি গাছ নিধন, বাড়ি ঘরে হামলা করার দুঃসাহস দেখান, তাদের এক বিন্দু ছাড় দেয়া হবে না। আমি ফটিকছড়ির গণমানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, জনগণের দেখভাল করার দায়িত্ব আমার। গতকাল মঙ্গলবার বিকালে ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা শ্রমিকদলের নবগঠিত কমিটির উদ্যোগে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাটে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফটিকছড়িতে কেউ চাঁদাবাজি করলে তা করতে হবে আমার লাশের ওপর। চাঁদাবাজদের সতর্ক করছি, ভবিষ্যতে গুপ্তদের সাথে আঁতাত করে অপকর্ম করার দিন শেষ।

ফটিকছড়ি উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ হানজালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৌলত মিঞার সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সহ সভাপতি সৈয়দ এরফানুল আজিম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দীন, বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহ্বায়ক এজাহার মিয়া চৌধুরী, নুরুল ইসলাম, শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, নাছির উদ্দীন চৌধুরী, মনছুর আলম চৌধুরী, মিঞা মোশরাফুল আনোয়ার মশু, আব্দুর রব, কামাল হোসেন, আনোয়ার হোসেন, সাবিনা ইয়াছমিন, ফাতেমা বেগম হেনা ও শিরিন আকতার।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে
পরবর্তী নিবন্ধজশনে জুলুসের বিশেষ প্রস্তুতি নিয়ে সিএমপির ব্রিফিং প্যারেড