জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিষ্কার করা হবে : মেয়র

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও জোরদার করতে নগরীর প্রায় ৮০০টি নালা পর্যায়ক্রমে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে পানি দ্রুত নিষ্কাশন নিশ্চিত করতে নালা থেকে জমে থাকা পলি, মাটি, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হবে। একই সঙ্গে নালায় যাতে নতুন করে বর্জ্য জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি না হয়, সেজন্য মাঠপর্যায়ে তদারকি বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারীদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগে কর্মকর্তাকর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে ৮০০টি নালা পরিষ্কারের এই কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।

সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাকর্মচারীরা টমটম গাড়ি সরবরাহ, শ্রমিক সংখ্যা বৃদ্ধি এবং জনবহুল এলাকায় ডাস্টবিন স্থাপনের প্রস্তাব দেন। মেয়র সংশ্লিষ্ট বিভাগকে এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তিনি বলেন, যেখানে ডাস্টবিন প্রয়োজন, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সভায় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ, নাসির উদ্দিন রিফাত, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধআজ ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ
পরবর্তী নিবন্ধবিরোধীদের আপত্তির মধ্যেই ‘ইনভেস্ট বাংলাদেশ বিল’ পাস