জনগণের সেবায় নিবেদিত রাষ্ট্রই হবে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত অর্জন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী

| শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৬:৫৪ পূর্বাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ কোনোভাবেই অর্থ বা অন্য কোনো প্রাপ্তির মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। তাদের রক্তের যথাযথ মর্যাদা দিতে হলে জনগণের সেবায় নিবেদিত থেকে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হবে। গত বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ এর তাৎপর্য নিয়ে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, জুলাইআগস্টের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক গোষ্ঠীর অর্জন নয় এটি দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন, গুম ও হত্যার বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ গণআন্দোলনের পরিণতি। ছাত্র, শ্রমিক, পেশাজীবী, সাধারণ মানুষসহ দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে সফল করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা। এই চেতনা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, মহানগর জামায়াতের আমির মো. নজরুল ইসলাম। অনুভূতি ব্যক্ত করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমদ শান্ত’র মা কহিনুর আকতার, এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে সীমিত সরবরাহ শুরু
পরবর্তী নিবন্ধব্যতিক্রমী উদ্যোগে চাঙা চট্টগ্রাম বিএনপি