লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন এলাকায় বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পাঁচ কৃষককে ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। গত রাতে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে অনুদানের চেক তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। এ সময় চুনতি অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারসহ বনবিভাগের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ আব্দুছ ছালামকে ৫০ হাজার টাকা, মো. জাহাঙ্গীর আলমকে ৪০ হাজার টাকা, মো. শাহাদাত হোছাইনকে ৩৫ হাজার টাকা, ওবাইদুল ইসলামকে ২৫ হাজার টাকা ও মো. সাইফুল ইসলামকে ১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
শাহজাহান চৌধুরী এমপি বলেন, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের জানমাল ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও সবাইকে সচেতন হতে হবে।












