চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সংস্কারে রেলওয়ে পূর্বাঞ্চলের নব–নিযুক্ত মহাপরিচালকের (পূর্ব) সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসুর পূর্বনির্ধারিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে রেলওয়ে (পূর্বাঞ্চল) মহাপরিচালক শাটল ট্রেনের লাইন সংস্কার, স্টেশন রেনোভেশনসহ জরুরি ১৫ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন। গত সোমবার চাকসুর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক শাটল ট্রেনের বিদ্যমান সমস্যাসমূহ উত্থাপন করেন। চাকসুর প্রস্তাবের প্রেক্ষিতে উপস্থিত রেলওয়ের কর্মকর্তাবৃন্দ স্ব স্ব বিভাগের সমস্যা সমূহ সমাধানে গ্রহণীয় উদ্যোগসমূহ ব্যাখ্যা করেন। সর্বশেষ রেলওয়ের মহাপরিচালক (পূর্ব) সবগুলো সমস্যা সমাধানে স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি ১৫টি উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, নিম্নোক্ত বিষয়সমূহ স্বল্প ও দীর্ঘ মেয়াদে পর্যায়ক্রমে সমাধান করা হবে ইনশাআল্লাহ।
উদ্যোগগুলো হলো : ২য় ট্রেনটির কোচ পরিবর্তন করে নতুন কোচ সংযোজন। প্রতি সপ্তাহে ট্রেন ক্লিনিংয়ের ব্যবস্থা করা। দুপুর ২টা থেকে ৩টা ৩৫ মিনিটের মধ্যে নতুন ট্রিপ সংযোজন। ক্যাম্পাস স্টেশনের ড্রেনেজ ব্যবস্থা মেরামত করা। শাটলের সব লাইট, ফ্যান সংস্কার করা। রাতের বেলায় ট্রেনের দরজা, জানালা অফ রাখা। শাটল এপকে রেলওয়ের রেগুলার সার্ভিসে অন্তর্ভুক্তিকরণ। শিডিউল বিপর্যয় রোধে সকল পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান। রেললাইনের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা। পাথর নিক্ষেপ বন্ধে পুলিশের সাথে সমন্বয় করে তড়িৎ অভিযান।
দীর্ঘ মেয়াদে সমাধান করা হবে সেগুলো হলো : নতুন ইঞ্জিন সংযোজন। ক্যাম্পাস স্টেশান রেনোভেশান। অলরেডি টেন্ডারে গিয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। ক্যাম্পাস স্টেশনে রেললাইনের দৈর্ঘ্য বৃদ্ধি করা। ন্যূনতম চৌদ্দটি বগি সংযোজন যোগ্য করে লাইন সংস্কার। লাইন সংস্কার শেষে বগি বৃদ্ধি করা হবে। ষোলশহর থেকে ক্যাম্পাস পর্যন্ত রেললাইন সম্পূর্ণ সংস্কার করা হবে অঙিজেন স্টপেজ চালু করার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ।
সভায় রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম, সিইই মুহাম্মদ শফিকুর রহমান, সিএমই মোহাম্মদ জাকির হাসান, সিএসটিই তারেক মো. সামছ তুষার, সিসিএম সুজিত কুমার বিশ্বাস, ডিআরএম মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সিওপিএস–ই মোহাম্মদ সফিকুর রহমান, ডিইই মো. তাকি আল জাওয়াদ, এজিএম শেখ ফরিদ, ডিটিও ফারহান মাহমুদ, এসি আরএনবি সালামত উল্লাহ, সিআরএনবি মো. মোরশেদ আলম, ডিএমই আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসাইন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহ–যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতব্বর উপস্থিত ছিলেন।













