চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬–২৭ অর্থবছরের প্রাক্কলিত রাজস্ব বাজেট ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকা অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ২০২৫–২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেটও অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম যৌথ সভা।
গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত এ যৌথ সভায় বাজেটটি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ও ফাইন্যান্স কমিটির সচিব মো. আমিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্–ফোরকান।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্–ফোরকান বলেন, শিক্ষা–গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেশনাল রিসার্চ বা প্রয়োগমুখী গবেষণা বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্যাংকিংয়ে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
যৌথ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন, উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস.এম. ফজলুল হক, অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, মোহাম্মদ আলী এবং এম. সিরাজ উদ্দিন মিয়া। সভায় অনলাইনে অংশগ্রহণ করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। এছাড়া সভায় ফাইন্যান্স কমিটির সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম, অধ্যাপক আবু মুহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ড. শাহাদাত হোছাইন, অধ্যাপক ড. মোরশেদুর রহমান এবং হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল আহাদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ–উল–আলম এবং পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।










