পৃথক অভিযান সীতাকুণ্ডে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় এ পৃথক অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে নারীসহ তিনজন ইয়াবা বহন করে ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এরপর সেখানে অভিযান পরিচালনা করে তিনজনকে ১ হাজার ৯৩৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা মোছামৎ পুতুল (৩৩), কঙবাজারের রামুর উপজেলার আপেল বড়ুয়া (৪০) ও নড়াইল থানার লোহাগড়া এলাকার শেখ রাজু আহমেদ (২৯)। তাদের শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ফৌজদারহাট সলিমপুর ইউনিয়নের ডিসি পার্ক এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ সিয়াম (২২) নামে এক যুবককে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবির ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেট সভায় ৫০৩ কোটি টাকার বাজেট পাস
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ১৯শ কৃষককে আমন প্রণোদনা প্রদানের উদ্যোগ