চকরিয়ায় ৫ হাজার ৬শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মহাসড়কে যাত্রীবাহী দুই বাসে তল্লাশি

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

চকরিয়ায় মহাসড়কের অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পৃথক অভিযানে যাত্রীবাহী দুই বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় এক নারীসহ দুই ইয়াবা কারবারিকে। গতকাল রবিবার সকালে এবং আগেরদিন শনিবার রাতে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী সেগুন বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে পৃথক এই অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত দুই ইয়াবা কারবারি হলেন– কঙবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডেল পাড়ার মৃত অলি আহমদের কন্যা রাজিয়া আক্তার (২২) ও কঙবাজার পৌরসভার লাইটহাউজ এলাকার মৃত আবদুস সালামের ছেলে মো. সেলিম মিয়া (৪০)। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী দুই বাসে তল্লাশি করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ৬শ পিস ইয়াবা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ রাউজানে হযরত চাঁদ শাহের (র.) বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধচবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এলামনাই এসোর বার্ষিক সাধারণ সভা