রাঙ্গুনিয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নিয়তি বনিক (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়তি বনিক ওই এলাকার বাসিন্দা। তার ছেলে নোটন বনিক জানান, সকালে তার মা ভবনের পাঁচতলার ছাদে ময়লা ফেলতে গিয়েছিলেন। এ সময় ছাদের পুরোনো ইটের রেলিং ভেঙে নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনায় নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক চিকিৎসক প্রবীর খিয়াং বলেন, ওই নারীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। এদিকে হাসপাতালে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক জাকির হোসেন। তিনি বলেন, পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।









