কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার ভোরে চকরিয়ার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চকরিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তৌহিদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিঙার ১৫৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি ইয়ামাহা এফজেডএস–এফআই ভি–৩ মোটরসাইকেল, সোনালি রঙের তিনটি ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে যৌথ আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে। এতে চকরিয়া ও রামু থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেন।
পুলিশের দাবি, গত ১২ নভেম্বর ভোররাতে চকরিয়ার ফাঁসিয়াখালী এবং মাতামুহুরী এলাকার ঈদমণি উত্তরপাড়ায় দুটি বসতবাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় তৌহিদ জড়িত। এছাড়া ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তিকে অপহরণের পর হত্যার মামলারও এজাহারভুক্ত আসামি তিনি।
চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল সক্রিয় থাকার তথ্য পেয়েছে পুলিশ। তার বিরুদ্ধে কঙবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওসি আরিফুর রহমান আরও জানান, ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থে তৌহিদ চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এবং বান্দরবানের লামা থানার ফাইতং এলাকায় বাড়ি ও অন্যান্য সম্পদ গড়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তার সহযোগী, অপরাধলব্ধ সম্পদের উৎস ও প্রকৃত মালিকানা শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।












