চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতি : ২০ লাখ মানুষের ন্যায্য দাবি

তাওহীদুল ইসলাম নূরী | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

যোগাযোগব্যবস্থা একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। অথচ কক্সবাজারে রেল যোগাযোগ চালু হলেও চকরিয়া ও আশপাশের উপজেলার ২০ লাখের বেশি মানুষ ঢাকা–কক্সবাজার আন্তঃনগর ট্রেনের প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই চকরিয়া রেলস্টেশনে অন্তত পাঁচ মিনিটের যাত্রাবিরতি এবং স্থানীয় যাত্রীদের জন্য নির্দিষ্টসংখ্যক আসন বরাদ্দ এখন সময়ের দাবি।

চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, মহেশখালী, কুতুবদিয়া, লামা, আলীকদম ও বাঁশখালীসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা ও পারিবারিক প্রয়োজনে নিয়মিত দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। অথচ ঢাকা থেকে রেলপথে চকরিয়া বা আশপাশের এলাকায় আসতে হলে কক্সবাজার স্টেশনে নেমে সড়কপথে ফিরে আসতে হয়। চকরিয়া থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এতে যানজটসহ যাতায়াতে অতিরিক্ত তিন থেকে চার ঘণ্টা সময় ব্যয় হয়। বাড়তি অর্থ ও শ্রমের বিষয়টিও রয়েছে। একইভাবে ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আন্তঃনগর ট্রেনে চকরিয়ায় আসতে চাইলেও যাত্রীদের একই ভোগান্তির শিকার হতে হয়। অথচ ঢাকা–কক্সবাজার আন্তঃনগর ট্রেন চকরিয়ার বুক চিরেই চলাচল করে।

ঢাকা–কক্সবাজার রুটে ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে যাত্রাবিরতির ব্যবস্থা থাকলেও চকরিয়ার মতো গুরুত্বপূর্ণ জনপদ কেন এ সুবিধা থেকে বঞ্চিত থাকবে? বিশেষ করে অসুস্থ রোগী, শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও সীমিত আয়ের যাত্রীদের জন্য এ ভোগান্তি অত্যন্ত কষ্টকর। চকরিয়া স্টেশনে মাত্র কয়েক মিনিটের বিরতি লাখো মানুষের যাতায়াত সহজ করার পাসাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখবে। যাত্রীসংখ্যা, সময়সূচি, পরিচালনাগত বাস্তবতা ও নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে রেল কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে হলেও এ যাত্রাবিরতি চালু করতে পারে।

চকরিয়া স্টেশনে ট্রেন থামলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসা ও পরিবহনসেবারও প্রসার ঘটবে। এতে যাত্রীসুবিধার পাসাপাশি আশপাশের মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। তাই এ উদ্যোগকে শুধু ট্রেন থামানোর দাবি হিসেবে দেখলে চলবে না; এটি আঞ্চলিক উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং সেই অবকাঠামোর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। কক্সবাজারের পর দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ রেলস্টেশন চকরিয়া। তাই ট্রেন চকরিয়া স্টেশন অতিক্রম করবে, অথচ আশপাশের বিশাল জনগোষ্ঠী প্রয়োজনীয় যাত্রীসুবিধা পাবে না– এ অবস্থার যৌক্তিক সমাধান হওয়া প্রয়োজন। চকরিয়া রেলস্টেশনে ঢাকা–কক্সবাজার আন্তঃনগর ট্রেনের অন্তত পাঁচ মিনিটের যাত্রাবিরতি এবং স্থানীয় যাত্রীদের জন্য নির্দিষ্টসংখ্যক আসন বরাদ্দ নিশ্চিত করা হোক। মানুষের ন্যায্য দাবি পূরণে সব সময় বড় বড় মেগা প্রকল্পের প্রয়োজন হয় না। কখনো কখনো কয়েক মিনিটের একটি সিদ্ধান্তই লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে পারে। চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতি ও আসন বরাদ্দ তেমনই একটি জনকল্যাণমূলক সিদ্ধান্ত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমনুষ্যত্বের সংকট ও হারিয়ে যাওয়া মানবিক বন্ধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও ছয় লেন বাস্তবায়ন