নগরায়নের ভিড়ে ঘরের বারান্দা কিংবা ছাদে সবজি ও ফুলের বাগান এখন আর নতুন কিছু নয়। কিন্তু টবের সেই চারা যদি হয় গাঁজার, আর বাগান বানানোর স্থানটি যদি হয় বসতঘরের টিনের চাল? শুনতে অদ্ভুত মনে হলেও নগরে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীকে ফাঁকি দিয়ে ঠিক এই কাজটিই করে আসছিলেন এক ব্যক্তি।
তবে শেষ রক্ষা হয়নি তার। লোকমান হোসেন (৪৪) নামে ওই গাঁজা চাষিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত সোমবার দিবাগত রাতে বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শাজিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘরের টিনের চাল থেকে ১২টি গাঁজা গাছ জব্দ করা হয়। ধৃত লোকমান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মৃত হোসেন মিয়ার ছেলে। র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লোকমানকে তার বায়েজিদের বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘরের টিনের চালের উপর ২টি প্লাস্টিকের বালতির টবের প্রত্যেকটি থেকে ৬টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়। তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।












