সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের উদ্যোগে নগরীর গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর নুর মোহাম্মদ ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মুহিব কাদেরী এবং একুশে হসপিটালের পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেনসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের সাধারণ সম্পাদক ও মানবিক চিকিৎসক প্রভাষক ডা. এম এ ফজল তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ প্রতি শুক্রবার নিয়মিতভাবে গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়। তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।













