কাপ্তাই উপজেলায় সামপ্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ শিশু পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার কিন্নরী মিলনায়তনে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। শিশুদের পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে খাদ্য তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। শিশু খাদ্য হিসেবে ছিল সুজি, ডাইজেস্টিব বিস্কুট, মিক্সড ফুড বিস্কুট , মিক্স খিচুড়ি এবং চিনি। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, সামপ্রতিক প্রাকৃতিক দুর্যোগে অনেক দরিদ্র পরিবারের শিশুরা যথাযথভাবে প্রকৃত শিশু খাদ্য গ্রহণ করতে পারেনি। তাই দরিদ্র ৫০ শিশু পরিবারের সদস্যদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বিএন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, মো. হোসেন, ইব্রাহীম হাবিব এবং ঝুলন দত্ত।











