যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় পদার্থ মেশানো রাসায়নিক বোমা হামলার ছক কষছে ইরান। সামপ্রতিক মার্কিন গোয়েন্দা তথ্যে এই আভাস মিলেছে। ইরানের এই হামলার নিশানা হতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিত রয়েছে বলে সিএনএন–কে জানিয়েছেন সাত জন মার্কিন কর্মকর্তা। তবে ইরান সত্যিই এমন হামলার সিদ্ধান্ত নিয়েছে কি না, কিংবা এ ধরনের হামলা চালানোর সক্ষমতা দেশটির রয়েছে কিনা, তা বিতর্কের বিষয়। সামপ্রতিক গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্র বলেছে, আপাতত ইরানের এমন পরিকল্পনা তাৎক্ষণিক হামলার প্রস্তুতির চেয়ে সম্ভাব্য বিকল্প তৈরি রাখার প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইরানের পরিকল্পনার যে তথ্য পেয়েছেন, তা বেশ সুনির্দিষ্ট। এতে সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তু উল্লেখ রয়েছে বলে দুটি সূত্র জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এমন তথ্য পাওয়ার পর সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জরুরি প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির দিকে নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের ভেতরে হামলার তেমন কোনও হুমকি নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনও পূর্ব ঘোষণা ছাড়াই চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে আক্রমণ চালিয়ে যুদ্ধের সূচনা ঘটায়। আট মাস ধরে চলা যুদ্ধ এখন কিছুটা স্তিমিত থাকলেও যুক্তরাষ্ট্র মাঝেমধ্যেই ইরানে ছোটবড় হামলা চালিয়ে যাচ্ছে। আর পাল্টা জবাব হিসেবে ইরান প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ড, বিশেষ করে খোদ রাজধানীতে সম্ভাব্য হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্য এল। মার্কিন কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যকে ইরানের ক্রমবর্ধমান সংঘাতের মনোভাবের একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সম্ভাব্য হামলার শঙ্কা : সূত্রগুলোর মতে, নতুন তথ্য থেকে বোঝা যায়, তেহরান এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার পরিকল্পনা সক্রিয়ভাবে বিবেচনা করছে। যদিও তারা হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে দুটি সূত্র জানিয়েছে, ইরানের এমন হুমকি মোকাবেলার উপায় নিয়ে মার্কিন কর্মকর্তারা গত এক সপ্তাহে একাধিক বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, ইরানের হুমকির কারণে গত সপ্তাহে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে তার বাড়ি থেকে সামরিক ঘাঁটির আবাসনে স্থানান্তর করেছে সিক্রেট সার্ভিস।









