লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলন নিয়ে চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিনের সাথে তারেকুল হক নামে এক বালু ব্যবসায়ীর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা–সমালোচনা।
জানা যায়, অডিওতে কথা বলা দুই ব্যক্তির মধ্যে একজন আরমান উদ্দিন, অপর প্রান্তে থাকা ব্যক্তি স্থানীয় বিএনপি কর্মী তারেকুল হক। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার বাসিন্দা। ফাঁস হওয়া অডিওতে তারেকুল হককে বলতে শোনা যায়, লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করব কেন এসেছে। এখানে আরমান সাহেবের কথাই চলবে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব।
জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়, এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে। কথোপকথনের এক পর্যায়ে তারেকুল নামের ওই বালু ব্যবসায়ী আরও বলেন, বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকব। জবাবে আরমান উদ্দিন বলেন, এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।
ফাঁস হওয়া অডিওর সত্যতা এবং এতে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপাুর মো. মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, অডিওটি আমাদের কাছে এসেছে। বিষয়টি যাচাই–বাছাই করা হচ্ছে।












