চিটাগাং উইম্যান চেম্বার ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের মধ্যে নারী ও তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসায়িক সুযোগ সমপ্রসারণের লক্ষ্যে গতকাল সোমবার উইম্যান চেম্বারের সেমিনার হলে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে উইম্যান চেম্বারের পক্ষে স্বাক্ষর করেন ইয়ং এন্ট্রাপ্রিনারস অ্যান্ড ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারপার্সন ফারাহ সুলতানা শহীদ এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন চট্টগ্রাম রিজিওনাল অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলী আশরাফ।
সমঝোতা স্মারকের মাধ্যমে উইম্যান চেম্বার ও বিওয়াইএলসি’র মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সমপ্রসারিত হবে। এর আওতায় নারী ও তরুণ উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, মেন্টরশিপ, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং অর্থায়নের সুযোগ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, সমপ্রসারণ ও টেকসই উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ বলেন, উইম্যান চেম্বার ও বিওয়াইএলসি’র এই অংশীদারত্বের মাধ্যমে বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের পাশাপাশি ব্যবসায়িক নেটওয়ার্ক সমপ্রসারণ এবং নতুন সুযোগের সঙ্গে সংযোগ স্থাপনের পথ আরও সুগম হবে। এর ফলে উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা সমপ্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উইম্যান চেম্বারের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক সারিস্ত বিনতে নুর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জি এ রায়হান। এছাড়াও বিওয়াইএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক মো. সমীর উদ্দিন রিফাত এবং সিনিয়র এক্সিকিউটিভ কাজী নাবিলা তাসনিম। প্রেস বিজ্ঞপ্তি।











