ইছামতীর ভাঙন রুখতে জিও ব্যাগ বসাল গ্রামবাসী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় খরস্রোতা ইছামতী নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে রাঙ্গুনিয়া পৌরসভার ৪, , ৬ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্পটে এই নদীর ভাঙন অব্যাহত রয়েছে। পৌরসভার ৪নং ওয়ার্ড দক্ষিণ ঘাটচেক এলাকায় তীব্র ভাঙনের এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে তাৎক্ষণিক নদীভাঙন রুখতে ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। তার নেতৃত্বে স্থানীয় গ্রামবাসীকে সাথে নিয়ে নদীপাড়ে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ও বাঁশগাছের বলদি পুঁতে সাময়িক ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে।

গতকাল রোববার সকালে দক্ষিণ ঘাটচেক এলাকার ভাঙনকবলিত স্থানে গ্রামবাসীর এসব প্রতিরোধমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন ভিপি আনছুর উদ্দিন ও দলীয় নেতাকর্মীরা। পরিদর্শনকালে তিনি উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে জানান, স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে কংক্রিটসিমেন্ট ব্লক স্থাপনের জন্য ইতোপূর্বে ডিও লেটার (আধাসরকারি পত্র) প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তবে সরকারি বরাদ্দ পাওয়া সময়সাপেক্ষ হওয়ায় গ্রামবাসীদের সাথে নিয়ে তিনি এই সাময়িক ব্যবস্থা নিয়েছেন। পরিদর্শনকালে ভিপি আনছুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দ্রুত ব্লক স্থাপনের কাজ শুরুর আহ্বান জানান। এ সময় পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি পওর (পাউবো) বিভাগের অধীন কাপ্তাই পওর উপবিভাগে উপবিভাগীয় প্রকৌশলী মো. সামছুল আরেফিন জানান, রাঙ্গুনিয়ার সংসদ সদস্যের ডিও লেটার পেয়েছেন। ব্লক স্থাপন করে স্থায়ী ভাঙন প্রতিরোধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চাহিদার অর্ধেক গ্যাস
পরবর্তী নিবন্ধবিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক