পুলিশের অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে গেছেন, অথচ পুলিশ তাকে চিনতে পারেনি–এমন দাবি করেছেন চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী মো. রায়হান আলম। গতকাল বুধবার চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের সঙ্গে তার প্রায় ১০ মিনিটের একটি ফোনালাপের অডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফোনালাপে একদিকে পুলিশ কর্মকর্তাকে রায়হান নিজের অবস্থান সম্পর্কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে শোনা যায়, অন্যদিকে একাধিকবার আত্মসমর্পণের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তাকে নিরাপত্তার আশ্বাস দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার। তবে শেষ পর্যন্ত আত্মসমর্পণের বিষয়ে সুনির্দিষ্ট সম্মতি দেননি রায়হান।
অডিওতে রায়হানকে বলতে শোনা যায়, ‘আপনারে দেখলাম তো। আপনার গাড়ির পাশ দিয়া আমি তো সাইকেল চালায়া চলে গেছি। আপনি আমারে চিনেন নাই।’ তিনি দাবি করেন, ফটিকছড়ির বাইরে অবস্থান করছেন এবং পুলিশ তাকে খুঁজে পাবে না। একপর্যায়ে ওইদিনই তাকে খুঁজে পাওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন।
রায়হানের সাথে ফোনালাপের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। তবে ‘পুলিশের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়ার’ দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। বলেন, অভিযানের সময় কোনো সাইকেল বা ব্যক্তিগত গাড়ি তাদের পাশ দিয়ে যাতায়াত করেনি। আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগই ছিল না।
তারেক আজিজ বলেন, রায়হানকে ধরতে ফটিকছড়িতে দুই দিন অভিযান চালানোর সময় মঙ্গলবার ভোরে তিনি নিজেই আমাকে ফোন করেছিলেন। বিষয়টি কৌশলে সামাল দিয়ে তাকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা করি। রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ফোনালাপে তারেক আজিজ রায়হানকে বলেন, ‘আপনি আমার কাছে ধরা দেন, সমস্যা নাই। আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব।’ যত দিন তিনি দায়িত্বে থাকবেন, আত্মসমর্পণ করলে ততদিন নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। এমনকি সেদিনই আত্মসমর্পণ করলে বিশেষ অফার আছে জানিয়ে বলেন, রায়হান যতটুকু অপরাধের সঙ্গে জড়িত, শুধু ততটুকুর জন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যমান মামলাগুলোর বাইরে নতুন কোনো মামলা দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
জবাবে রায়হান বলেন, ‘আত্মসমর্পণ করব ভাই, আমার ইচ্ছা আছে আত্মসমর্পণ করার। কিন্তু একটু সময় লাগতেছে।’ আগে একবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। বলেন, সে সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে কথাবার্তার বিষয়টি ফাঁস হয়ে যায়। পরে তার কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়া হয় এবং নানা ঝামেলা তৈরি হয়।
আত্মসমর্পণের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন রায়হান। তিনি বলেন, ‘এখন ঢুকলে ভাই বাইরে তো আর হমু না, আট–দশ বছর আমারে বাইরে আসতে দেবে না কেউ। বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি যামু কই? আমি তো মানুষ।’
এ সময় তারেক আজিজ তাকে বোঝানোর চেষ্টা করেন, অপরাধের বাইরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কোন মামলা দেয়া হবে না। তবে রায়হান জানান, এখন আত্মসমর্পণ করা তার পক্ষে সম্ভব নয়। ভবিষ্যতে আত্মসমর্পণ করবেন বলে আশ্বাস দেন। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একসময় একই টেবিলে বসে নাশতা করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
কথোপকথনে ফটিকছড়িতে সামপ্রতিক গোলাগুলির ঘটনায় আহত ব্যক্তিদের বিষয়েও আলোচনা হয়। আহতদের অবস্থা জানতে চান রায়হান। তিনি দাবি করেন, মাজার জিয়ারতে যাওয়ার পথে হঠাৎ কী ঘটেছে, তা নিজেও বুঝতে পারেননি। স্থানীয় লোকজন কেন তার পথ আটকাতে গিয়েছিল, সেটিও তার বোধগম্য নয়। একপর্যায়ে রায়হান বলেন, ‘আমার দ্বারা তো গরিব লোকের বা অসহায়দের কোনো ক্ষতি হচ্ছে না, আমারে নিয়া কেন লাগছেন সবাই?’
তবে পুলিশ কর্মকর্তা তাকে স্মরণ করিয়ে দেন, তার কারণে কয়েকজন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। কথোপকথনে রোববার রাতে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে আফসার নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গও তোলেন তারেক আজিজ। ওই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন রায়হান।
গতকাল বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে অডিওটি প্রকাশের পাশাপাশি পুলিশ কর্মকর্তার প্রশংসা করে রায়হান লেখেন, ‘স্যার কিন্তু ভালো মনের মানুষ। উনার সাথে কথা বলে একটু ভালো লাগছে। দেখা যাক উনার হাত ধরে ভিতরে গিয়ে ভালো থাকতে পারি কিনা।
এর আগে গত সোমবার রাতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি ও চুরখারহাট এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় রায়হানের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হচ্ছিল। এ সময় অটোরিকশা ও মোটরসাইকেলে করে রায়হান ও তার সহযোগীরা যাওয়ার পথে স্থানীয় লোকজন তাদের গতিরোধের চেষ্টা করেন। তখন সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তিনজন গ্রামবাসী আহত হন। ঘটনার পর এলাকায় অভিযান জোরদার করে পুলিশ। পরদিন মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রায়হান ওই ঘটনায় গুলি চালানোর কথা স্বীকার করেন। তবে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি। আহত ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রয়োজন হলে তাকে বার্তা দেওয়ার অনুরোধও জানান।
পুলিশ বলেছে, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না পেলে তার সহযোগীরা গুলি চালান বলে উল্লেখ করে পুলিশ বলেছে, তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।
গত ২৯ জুলাই রাতে রায়হানের সহযোগী ডেভিড ইমনকে গ্রেপ্তারে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালায় পুলিশ। সে সময় একটি বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান রায়হান। পরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য জানিয়েছিলেন। এর আগে গত বছরের এপ্রিলে রাউজানের গাজীরপাড়া এলাকায় রায়হানকে ধরতে অভিযান চালিয়েছিল চট্টগ্রাম নগর পুলিশের একটি দল। পুলিশের কাছে তার অবস্থান জানিয়ে দেওয়ার সন্দেহে পরদিন দলবল নিয়ে ওই এলাকায় গিয়ে যুবদল কর্মী ইব্রাহীমকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা রায়হানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ফোনালাপে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করলেও বাস্তবে তিনি কবে পুলিশের কাছে ধরা দেবেন তা নিশ্চিত নয় বলেও পুলিশ স্বীকার করেছে।












