লিওনেল মেসির আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে কেপ ভার্দের বিদায় করে দেওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে নিজেদের সামর্থ্যের ওপর অগাধ আস্থা আফ্রিকার দলটির। সব সমীকরণ ও প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপে রূপকথার মতো পথচলাকে আরও এগিয়ে নিতে চায় তারা। বিশ্বকাপ অভিষেকেই সবাইকে চমকে দেয় কেইপ ভার্দে। এবারের আসরের ফেভারিটদের একটি স্পেনকে রুখে দেয় তারা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলশূন্য ড্র করে শুরু করে বিশ্ব মঞ্চে যাত্রা। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে খেলতে যাচ্ছে কেইপ ভার্দে। প্রত্যাশার সব সীমানা এরই মধ্যে ছাড়িয়ে যাওয়ার দলটি আসছে ম্যাচে নিজেদের সম্ভাবনা নিয়ে একদমই ভাবছে না। দলটির সহকারী কোচ উমবেহতো বেতোঁকু বলেছেন, আলবিসেলেস্তেদের মুখোমুখি হতে পারাই তাদের জন্য ‘আনন্দের বিষয়।’ ‘পরিসংখ্যান কেবলই তত্ত্ব। ফুটবলে ইতিহাসের অসংখ্য ম্যাচের ফলাফল যেমন দেখিয়েছে, তেমনি প্রমাণ করে যে, মাঠের ভেতরে কী ঘটছে সেটাই আসল। ‘আগে আমাদের সম্ভাবনা এক শতাংশ বলা হয়েছিল, এখন চার শতাংশ বলা হলেও সেটি আমাদের কাছে গুরুত্বহীন। আমরা অনেক বেশি মনোযোগী আমাদের লক্ষ্য, প্রত্যাশার দিকে। আর সর্বোপরি মূল্যবোধের দিকে যেটা এই কঠোর পরিশ্রমী দলকে ফুটিয়ে তোলে।’ বেতোঁকু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে রাখতে কেইপ ভার্ড তাদের নিজস্ব খেলার ধরন পরিবর্তন করবে না। এমনকি আর্জেন্টিনার জাদুকর মেসির কার্যকারিতা নষ্ট করার জন্য তাকে কড়া পাহারায় রাখার কোনো পরিকল্পনাও নেই তাদের। ‘আমরা মেসিকে এমন একজন খেলোয়াড় মনে করি, যিনি ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। তবে আমরা সবসময় প্রতিপক্ষের দলগত পারফরম্যান্সের দিকেই নজর দেই– তারা কী ধরনের সমন্বয় তৈরি করতে পারে বা মেসির জন্য তারা কেমন ফাঁকা জায়গা বের করার চেষ্টা করতে পারে, সেটাই আমাদের ভাবনার বিষয়।’











