আন্দোলন

মির্জা মোহাম্মদ আলী | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আলু পটল শসা লাউয়ে করছে মিলে আন্দোলন

ইলিশ এতো দামী কেন? দিতেই হবে বিশ্লেষণ।

আমরা দেশের সবুজ পণ্য সুন্দর করি প্রকৃতি,

ইলিশ হয়ে লোনা জলের বাড়ায় মোদের দুর্গতি।

তারপরে হয় গরু মাংস বেচে কেজি হাজারে,

আমরা কেন এতো সস্তায় উঠলে কোন বাজারে?

ইলিশ–মাংস না মিলিলে আমরা থাকি যে কাছে

আমরা স্বাস্থ্যসম্মত আর তাদের এমন কি আছে?

তারা কেনো প্রভাবে আজ তাদের পিছে ঘুরছে সব,

অবহেলায় আমরা আছি করে না কেউ অনুভব।

সাথে রাখতে মুলা কচু বুদ্ধি দিলো বেগুনে,

না হয় আমরা জ্বলে যাবো জুন জুলাইয়ের আগুনে।

সামনে এসে মালিক বলে, কোথায় যাচ্ছ সবজিদল?

তোমাদেরও দাম বাড়াবো আসবে যখন ঝড়বাদল।

আন্দোলনে মরবে তোমরা শুকিয়ে নিজে নিজে,

ইলিশ মাংস থাকবে তখন জমিদারের ফ্রিজে।

পূর্ববর্তী নিবন্ধসভ্যতার স্বরূপ
পরবর্তী নিবন্ধসম্পর্ক