আট ঘণ্টা ড্রোন উড়িয়ে সেই আহত হাতির সন্ধান

ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দলের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে টানা আট ঘণ্টা ড্রোন উড়িয়ে অবশেষে আহত বন্য হাতিটির অবস্থান শনাক্ত করেছে বন বিভাগ। পরে ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা শুরু করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানে বন বিভাগের সদস্যদের পাশাপাশি এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা অংশ নেন। দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটির অবস্থান শনাক্ত করতে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর হাতিটির সন্ধান পাওয়ায় দ্রুত চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি চিকিৎসক দল ইতোমধ্যে আহত হাতিটির চিকিৎসা শুরু করেছে। শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, সকাল থেকে গভীর পাহাড়ে ড্রোন উড়িয়ে হাতিটির অবস্থান শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। কী কারণে হাতিটি আহত হয়েছে, তা বিস্তারিত অনুসন্ধানের পর জানা যাবে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং ওপরের চামড়াও উঠে গেছে। আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। তবে কীভাবে হাতিটি আহত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের কারও গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে এ ধারণার পক্ষে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত সোমবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় আহত হাতিটিকে দেখা যায়। তখন তার সঙ্গে ছিল আরেকটি সুস্থ হাতি। স্থানীয়দের ভাষ্য, গত কয়েক দিন ধরে সুস্থ হাতিটি আহত সঙ্গীকে ছেড়ে যায়নি। আহত হাতিটির সঙ্গে ধীরগতিতে চলাফেরা করছিল সেটি। বন্য পরিবেশে হাতি দুটির এমন সঙ্গ স্থানীয়দের মধ্যে আবেগ ও সহমর্মিতার সৃষ্টি করে।

আহত হাতিটির দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে হাতিটি কীভাবে আহত হয়েছে, তা তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং বন্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধথাইরয়েড ক্যান্সার রোগীদের রেডিও আয়োডিন ক্যাপসুলের সরবরাহ স্বাভাবিক
পরবর্তী নিবন্ধজামালখানে রাস্তা ও ফুটপাত দখল, ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ