নগরের জামালখানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ ধরনের বিভিন্ন সবজি ও ফলমূলসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে জামালখান সিঁড়ির গোড়া থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, জব্দ করা সবজি ও ফলমূল কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের নিকট হস্তান্তর করা হয়। নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











