কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে অসুস্থ হয়ে পড়া বন্যহাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ড্রোনের সহায়তায় অবস্থান শনাক্তের পর ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে অজ্ঞান করে চিকিৎসা দিতে গিয়ে এসব ক্ষত শনাক্ত করেন চিকিৎসকেরা। গত প্রায় এক সপ্তাহ ধরে আহত অবস্থায় বনে ঘুরে বেড়ানো হাতিটিকে উদ্ধারের পর চিকিৎসা দেওয়া হচ্ছে। বন বিভাগ জানায়, ডান পায়ে গুরুতর আঘাত থাকায় হাতিটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। ড্রোনের সহায়তায় হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে অজ্ঞান করে চিকিৎসা শুরু করেন বন বিভাগের চিকিৎসকেরা। ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের একটি চিকিৎসক দল হাতিটির চিকিৎসা দিচ্ছে। চিকিৎসকেরা জানান, ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে অজ্ঞান করার পর চিকিৎসা দিতে গিয়ে হাতিটির শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়। এর মধ্যে দুটি ক্ষত পায়ে এবং ছয়টি শরীরের বিভিন্ন স্থানে।
কীভাবে হাতিটির শরীরে গুলি লাগতে পারে, জানতে চাইলে টেকনাফের শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, অপহরণকারী ও মানবপাচারকারীরা হাতিটিকে গুলি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বন কর্মকর্তা মনে করেন, হাতির বিচরণক্ষেত্রে মানবপাচারকারী ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর আস্তানা রয়েছে। হাতির চলাচলের কারণে তাদের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটায় অপরাধীরা হাতিটিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে থাকতে পারে।
এর আগে গত গত সোমবার ভোর ছয়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় আহত হাতিটিকে দেখা যায়। তখন তার সঙ্গে ছিল আরেকটি সুস্থ হাতি। স্থানীয় লোকজনের ভাষ্য, আহত হাতিটিকে ছেড়ে যায়নি তার সঙ্গী। কখনো পাশাপাশি হাঁটছিল, আবার চলার সময় সহযোগিতা করছিল। আহত হাতিটি ধীরগতিতে এগিয়ে গেলেও অন্য হাতিটিও তার সঙ্গে ছিল। তবে একপর্যায়ে দুটি হাতিই বনের গভীরে চলে যায়।









