চট্টগ্রাম সড়ক জোনের ৬ ডিভিশনের জেলা মহাসড়ক ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬টি সড়কের ২৫০ কিলোমিটার সড়ক যথাযথ মানে প্রশস্ত করা হচ্ছে। ১ হাজার ৪৬০ কোটি টাকার এই প্রকল্পের আওতায় ১৬টি জেলা মহাসড়ক যথাযথ মানে প্রশস্তসহ সংস্কার করা হবে।
সওজের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বর্ষা মৌসুমে চট্টগ্রাম–কক্সবাজার, তিনপার্বত্য জেলায় ভারী বৃষ্টিপাত–পাহাড়ি ঢল ও বন্যায় চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জেলা সড়কে বড় বড় গর্তের কারণে এক জেলা থেকে অন্য জেলায়, এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতে দুর্ভোগ বেড়েছে।
চট্টগ্রাম সড়ক জোনের সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম সড়ক জোনের ৬ ডিভিশনের ১৬টি সড়ক। এই ১৬টি সড়কের প্রশস্তসহ উন্নয়নে এই ১ হাজার ৪৬০ কোটি টাকার প্রকল্পটি গ্রহণ করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর একনেক সভায় অন্যান্য প্রকল্পের সাথে চট্টগ্রাম সড়ক জোনের ১৬টি সড়কের ২৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়। এই প্রকল্পের অধীনে ১৬টি সড়কের দ্রুত মেরামতসহ উন্নয়নে প্রত্যেক ডিভিশন থেকে পৃথক পৃথক ভাবে টেন্ডার আহ্বান করা হবে। এরপর দ্রুত সড়কগুলোর উন্নয়ন কাজ শুরু হবে।
এই ব্যাপারে চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম আজাদীকে বলেন, চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন ‘জেলা মহাসড়ক ও উন্নয়ন প্রকল্পের’ অধীনে ১৬টি মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণে ১ হাজার ৪৬০ কোটি টাকার গৃহীত প্রকল্পটি গত ১৬ সেপ্টেম্বর একনেক সভায় অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সাথে আন্তঃজেলা যোগাযোগ এবং উপজেলাগুলোর মধ্যে যোগাযোগে সড়ক জোনের এই সড়কগুলোই প্রধান মাধ্যম।
সাম্প্রতিককালের একটানা ভারী বর্ষণে জেলা মহাসড়কগুলোর অবস্থা বেহাল হয়ে পড়েছে। অনেক সড়কের যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে সড়ক বিভাগ থেকে জানা গেছে। এই প্রকল্পের মাধ্যমে যথাযথ কাজের মান বজায় রেখে সড়ক প্রশস্তকরণ করা হবে।













