হাটহাজারীতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ পুনরুদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমানের নেতৃত্বে উপজেলার ধলই ইউনিয়নস্থ পশ্চিম ধলই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ অগাস্টের পর একটি চক্র পশ্চিম ধলই মনিয়া পুকুর পাড় সংলগ্ন এলাকায় হাটহাজারী–নাজিরহাট সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন প্রায় ২০ শতক জমিতে অনুমোদনহীন অবৈধ স্থাপনা তৈরি করে। বিষয়টি জানতে পেরে গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিতব্য স্থাপনা ভেঙে দেয় উপজেলা প্রশাসন। এ অভিযানের ফলে সরকারি প্রায় আড়াই কোটি টাকার সম্পদ পুনরুদ্ধার হয়েছে বলে অভিযান সূত্রে জানা গেছে। এছাড়া অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর এবং হাটহাজারী মডেল থানাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান জানান, সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। সরকারি সম্পদ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












