স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নবীনকর্মকর্তারা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তিনি গত মঙ্গলবার চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের অংশ হিসেবে জেলা পরিষদের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।
৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের ৪৮ জন কর্মকর্তা চট্টগ্রাম জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সেবামূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। মাহবুবের রহমান শামীম বলেন, বিশেষ কারণ ছাড়া সময়মতো অফিসে উপস্থিত থাকা এবং দায়িত্ব পালনে আন্তরিকতা জরুরি। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স। নবীন কর্মকর্তাদেরও সব ধরনের অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জেলার সার্বিক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কার, শিক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। প্রতিটি প্রকল্প যথাযথভাবে পরিদর্শন করতে হবে এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে সমন্বিতভাবে কাজ করলেই একটি উন্নত ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।
৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের চট্টগ্রাম জেলা পরিষদের কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন চট্টগ্রাম জেলা পরিষদেন নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন) মো. হেদায়েত উল্যাহ্, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) গোলাম মুস্তাফা মুন্না ও সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোহাম্মদ জামশেদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











