জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাল্টি–ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট (এমএলএলআই) প্রকল্পের উদ্যোগে ওমরগণি এমইএস কলেজের অডিটোরিয়ামে ওয়ার্কশপ অন লার্নিং দ্য থার্ড ল্যাঙ্গুয়েজ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একাধিক ভাষা জানা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সুবিধা তৈরি করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএলএলআই–এর কো–অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এঙপার্ট গৌতম বড়ুয়া এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আফজাল হোসেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নতুন উদ্যোগ এমএলএলআই’র মাধ্যমে তৃতীয় ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি গৌতম বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং বিশ্ববাজারে তাদের কাজের সুযোগ প্রসারে তৃতীয় ভাষা শেখার বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার এবং নবী হোসেন। এ ছাড়া ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুমন কান্তি দাস, জেসমিন আক্তার ও জান্নাতুল নাঈম সাইকা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএলএলআই’র সমন্বয়কারী অধ্যাপক ববি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।










