শিক্ষার্থীদের বাংলাদেশের সংবিধান সম্পর্কে সামগ্রিক ধারণা থাকতে হবে

চট্টগ্রাম কলেজে সেমিনারে মুসলিম চৌধুরী

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সাবেক অর্থ সচিব, বাংলাদেশের সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সোনালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রকাঠামো, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন স্তর, প্রশাসনিক ব্যবস্থাপনা, বাংলাদেশের সংবিধান, আইন–বিধি এবং সুশাসন প্রতিষ্ঠার নানা দিক তুলে ধরে বলেন, ‘শিক্ষার্থীদের বাংলাদেশের সংবিধান সম্পর্কে একটি সামগ্রিক ও সুস্পষ্ট ধারণা থাকতে হবে। সেই সাথে প্রত্যেক শিক্ষার্থীর সংবিধান সম্পর্কে জানার সুবিধার্থে সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্র পরিচালনায় এর ভূমিকা ও প্রাসঙ্গিকতাও জানতে হবে। তিনি চট্টগ্রাম কলেজের উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো ও সুশাসন : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি ও মূখ্য আলোচকের বক্তব্যে একথা বলেন।

গত ১ নভেম্বর কলেজ অডিটোরিয়ামে সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত ইকবাল ফারুকী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাসির উদ্দীন আহমদ, চবি উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল গফুর এবং চট্টগ্রাম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী।

মুসলিম চৌধুরী বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অবস্থান তুলে ধরতে তথ্যপ্রযুক্তির অগ্রগতির প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক, দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার এবং এ বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন করার দক্ষতা বৃদ্ধি, কৌতূহল জাগ্রত এবং বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন,বাংলাদেশের প্রেক্ষাপটে একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভের সুযোগ পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর চক্ষু শিবির
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে