বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ‘ঝুঁকিপূর্ণ’ সীমানা প্রাচীর সংলগ্ন ফুটপাতে পথচারীদের চলাচল বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বাঁশ ও প্লস্টিকের রশি দিয়ে সেখানে প্রতিবন্ধকতা দেয়া হয়। এর আগে ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত সপ্তাহে ব্যাংকের মহাব্যবস্থাপক বরাবর একটি চিঠিও দিয়েছিল চসিক।
জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সীমানা প্রাচীরের একটি অংশ ভেঙে পড়ে ৭ জন আহত হন। প্রধান কার্যালয় থেকে ট্রেজারি চালান নিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকার পথে রওনা দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাংকের সীমানা প্রাচীরে ধাক্কা দেয়। এতেই দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে ওপাশে থাকা হকার ও পথচারীদের ওপর। পরবর্তীতে দেয়ালটিকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কীকরণ নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়। এতে লেখা হয়, ‘সীমানা প্রাচীরটি ঝুঁকিপূর্ণ। নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করুন’।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা দৈনিক আজাদীকে বলেন, দেয়ালটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জেলা পরিষদের সামনেও একই অবস্থা হয়ে গেছে। দেয়ালটির বিষয়ে আমাদের পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়। আমরা বলেছি, দ্রুত ঝুঁকিপূর্ণ দেয়ালটি সরিয়ে নতুন দেয়াল নির্মাণ করার জন্য। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের মহাব্যবস্থাপকের সঙ্গে আমার কথাও হয়েছে। তিনি বলেছেন, ব্যাংকের ব্যবস্থাপনায় কাজ করবেন। পরবর্তীতে ব্যবস্থা নিয়েছেন বলেও জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের এক কর্মকর্তা দৈনিক আজাদীকে বলেন, দেয়ারটির ভেতরের অংশ অনেক শক্ত। ওপরে প্রাথমিকভাবে টিনের বেড়া দিয়েছি। বাঁশ দিয়ে প্রটেকশন দিয়েছি। ঝুঁকি আর নাই। এটা ভেঙে পড়বে না। এরপরও বাইরে ফুটপাত ঘেরাও না করলেও চলত। এ কর্মকর্তা বলেন, ব্যাংকের পুরাতন ভবন ভেঙে নতুন করে নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হয়েছে। তখন দেয়ালও নতুন করে নির্মাণ করা হবে।
দেয়াল সংলগ্ন ফুটপাতে প্রতিবন্ধকতা দেয়ার বিষয়ে চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, সেখানে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে একটি নোটিশ আছে। তারপরও লোকজন ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিল। হকার বসে যাচ্ছিল। তাই দুর্ঘটনা এড়াতে চলাচলের পথটা এক সপ্তাহ আগে বন্ধ করে দিয়েছি। বিষয়টি মেয়র মহোদয়কে অবহিত করেছি।













