রাউজানের গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখায় পোট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে কয়েকজন দুর্বৃত্ত। গ্রামীণ ব্যাংক পাহাড়তলী শাখার ব্যবস্থাপক গোলাম কিবরিয়া বলেন, আমাদের একজন নিয়মিত নৈশপ্রহরী আছেন, পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত দুইজন নৈশপ্রহরী মিলে তিনজন পাহারায় ছিলেন। এরমধ্যে ভোর পৌনে ৪টায় একজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত পেট্রল বোমা নিক্ষেপ করে। আগুন ছড়িয়ে পড়লেও নৈশপ্রহরীরা নিবৃত করতে পারায় ক্ষয়-ক্ষতি হয়নি।
বোমা হামলার পর নৈশ প্রহরীর দায়িত্বে থাকা তিনজন বের হলে দুবৃর্ত্তরা ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা চারদিকে খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পেট্রল বোমা ছিল নাকি অন্যকিছু তা জানা যায়নি। কিন্তু বোমা ফাটালে যেরকম কালো ধোঁয়া আচ্ছাদিত হয় গ্রামীণ ব্যাংকের ওই ভবনে সেরকম মনে হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি গ্রামীণ ব্যাংকের গহিরা শাখায় নিচে ভবনের এক পাশে পাপোশ দিয়ে আগুন লাগিয়েছিল দুবৃর্ত্তরা। পরে কদলপুর শাখায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা সংগঠিত হয়েছিল। ওই দুই ঘটনায়ও কোনো ধরনের ক্ষতি হয়নি।











