কোথা থেকে এলো এত স্ক্র্যাপ লোহা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

অজ্ঞাত স্থান থেকে আনা কোটি টাকার লোহা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সীতাকুণ্ডের সাগর উপকূলে এনে জড়ো করা বিপুল পরিমাণ লোহা ভাগ বাটোয়ারা করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জনগণের তৎপরতার মুখে লোহাগুলো দ্রুত সরিয়ে ফেলারও তোড়জোড় শুরু হয় বলেও সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকার সাগরপাড়ে গতকাল বিপুল পরিমাণ লোহা এনে চরে জড়ো করা হয়। শিপ ব্রেকিং ইয়ার্ডের সীমানার বাইরে উন্মুক্ত চরে লোহার স্তুপ স্থানীয়দের চোখে পড়ে। চরে লোহার পাশাপাশি ট্রাক, ক্রেন এবং একটি বোট রাখা হয়েছে। লোহাগুলো স্থানীয় জনৈক তৌহিদুল আলমের নেতৃত্বে একটি দল দেখভাল এবং বিক্রি করার তৎপরতা চালাচ্ছে। স্থানীয়দের পক্ষ থেকে পুলিশকে ঘটনা জানানো হলেও পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
জাহাজের পাইপ এবং স্ক্র্যাপ মিলে দুই থেকে তিনশ’ টন লোহা স্তুপ করে রাখা হয়েছে। এগুলোর দাম অন্তত দেড় কোটি টাকা হবে বলেও সূত্র জানিয়েছে। গতকাল সীতাকুণ্ডের বিভিন্ন শিপ ইয়ার্ডে প্রতিটন স্ক্র্যাপ ৫৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।
বোটে করে লোহাগুলো আনা হয়েছে। এগুলো ক্রেন দিয়ে খালাস করে বিক্রি করার তোড়জোড় চলে। পরবর্তীতে কিছু লোহা ট্রাকে বোঝাই করে উপকূল থেকে সরিয়ে নেয়া হয়। ওই লোহাগুলো কোথায় কীভাবে বিক্রি করা হয়েছে তা সূত্র জানাতে পারেনি। তবে বাকি লোহাগুলোও বিক্রি করার তোড়জোড় চালানো হচ্ছে বলেও সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।
এই ব্যাপারে তৌহিদুল আলমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি লোহাগুলোর ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, এগুলো কার লোহা তা আমি জানি না।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, লোহাগুলো বিক্রি করে সংঘবদ্ধ একটি চক্র টাকা ভাগবাটোয়ারা করার তোড়জোড় চালাচ্ছে।
ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিমউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তুলাতলীতে বিপুল পরিমাণ লোহা একটি বোটে করে আনা হয়েছে বলে শুনেছি। এগুলো খালাস করে জড়ো করে রাখা হয়েছে। তবে লোহাগুলো কে বা কারা এনেছে তা তিনি জানেন না বলে জানান।
এই ব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বনিকের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি সম্পর্কে পুলিশ অবহিত নয় বলে জানান। তিনি বলেন, আমরা খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ফুটবল খেলায় সন্ত্রাসী হামলা, আহত ২০
পরবর্তী নিবন্ধসেই ফুটপাতে পথচারী চলাচল বন্ধ করেছে চসিক