নতুন ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলা থেকে সুয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার তিনটি ওয়ার্ড বাদ দেওয়ার দাবি জানিয়েছে বৃহত্তর সুয়াবিল ইউনিয়ন অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের মুখ্য সংগঠক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২০২১ ও ২০২৩ সালে উপজেলা প্রশাসনের পাঠানো ভূজপুর উপজেলা গঠনের প্রস্তাব এবং জেলা প্রশাসকের সরেজমিন প্রতিবেদনে সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত ছিল না। অথচ পরবর্তীতে স্থানীয় জনগণের মতামত ছাড়াই এসব এলাকা নতুন প্রস্তাবে যুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবি বাস্তবায়ন করা না হলে তারা আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন ফোরামের সংগঠক অধ্যক্ষ নুরুল হুদা, এস এম শফিউল আলম, ডা. এস এম ফরিদ, সুয়াবিলের প্যানেল চেয়ারম্যান আবুল মনসুর, হাফেজ মিজানুল হক, ইউপি সদস্য মিন্টু, বেলাল, হামিদ, আবু সৈয়দ, জয়নাল, ওমর ফারুক মানিক, রাশেদ কোম্পানি ও কাউন্সিলর গাজী আমানুল্লাহ।










