চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হয়েছে ‘ফুড ফেস্টিভ্যাল ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের উদ্যোগে দিনব্যাপী এসব অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকালে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনের অনুষ্ঠানমালা। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: ফয়সাল, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমসহ অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শেষে ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। ফেস্টিভ্যালে সর্বমোট ১২টি স্টল ছিল। স্টলগুলোতে স্থান পায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন ধরনের মুখরোচক পিঠা ও হরেক রকম উপাদেয় খাবার। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল–ফ্ল্যাশমব, ইন্টার–ফ্যাকাল্টি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।










