চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ির নাজিরহাট কুম্ভার পাড় এলাকায় হাইওয়ে পুলিশের সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে একটি পিকআপ ও বাসের সংঘর্ষ ঘটেছে। গতকাল সকাল ১১টার দিকে এ দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর কিছু লোক পুলিশের গাড়ি ভাঙচুর করে।
জানা যায়, খাগড়াছড়ি থেকে আসা দ্রুতগামী একটি ফলবোঝাই পিকআপকে নাজিরহাট কুম্ভার পাড় এলাকায় দায়িত্বরত হাইওয়ে পুলিশ থামার সংকেত দেয়। পুলিশের সিগন্যাল পেয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপ উভয় গাড়িরই সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। আহত ৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মোবারক হোসেন জানান, আমরা নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে মহাসড়কে গাড়ি তল্লাশি করছিলাম। ফলবাহী পিকআপটিকে থামার সিগন্যাল দেওয়া হলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাসের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এখানে পুলিশের কোনো গাফিলতি ছিল না। ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।












